মে দিবসে সিটিজেনস এগিনেস্ট করাপশনের আলোচনা সভা
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা করেছে সিটিজেনস এগিনেস্ট করাপশন (সিএসি)।
আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’। শুক্রবার (১ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেনস এগিনেস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল সালমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক- সবার মধ্যে জবাবদিহিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।
সিটিজেনস এগিনেস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ এখনো অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এ বৈষম্য দূর করতে হবে।
তিনি আরও বলেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সব সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গবেষক ড. মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত।
চলচ্চিত্র ব্যক্তিত্ব খোর্শেদ আলম খসরু বলেন, চলচ্চিত্র দেশের শ্রমিকদের মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ শিল্পের সঙ্গে যারা জড়িত; দিন-রাত এক করে দেন, সেই শ্রমিকদেরও ভালো রাখা জন্য আমাদের কাজ করতে হবে। তাদের সুচিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
সেক্রেটারি জেনারেল সালমান মাহমুদ বলেন, অনিয়ম ও দুর্নীতি দূর করার মাধ্যমে আমাদের এ দেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সিটিজেন এগেইনেস্ট করাপশন সেই পথেই যাত্রা শুরু করেছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি তৌহিদুর রহমান, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সভাপতি সুলতানা বেগম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, স্বপ্নীলের চেয়ারম্যান মনজুরুল আলম টিপু, গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
এএএইচ/জেএইচ