নিউইয়র্ক গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (১২ মে) তিনি ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। চীন সফর শেষে গত ৭ মে তিনি নিউইয়র্কে পৌঁছান।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রচারণা ও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, শামা ওবায়েদও এই প্রচারণায় অংশ নেবেন। পাশাপাশি নিউইয়র্কে কয়েকটি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের পরবর্তী ধাপে তিনি মরক্কোতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। এরপর দেশে ফিরবেন।
আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইউরোপের দেশ সাইপ্রাস।
প্রথমে এ পদের জন্য সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নাম বিবেচনায় থাকলেও পরে ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
জেপিআই/জেএইচ