বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না : তোফায়েল


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, সকল প্রকার বাধা-বিঘ্ন দূর করে ২০২১ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশ হবে। দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ একটি মধ্যম আয়ের দেশ হবে। কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্থ করতে পারবে না।

শনিবার দু’ দিনব্যাপী ‘শোকেজ কানাডা-২০১৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তোফায়েল আহমেদ বিশ্বের একটি বিখ্যাত গবেষণা সংস্থার ভবিষ্যৎ বাণীর উল্লেখ করে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং দেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশ সত্যি বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে।

কানাডা সরকারের সহযোগিতায় কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে কানাডা ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিতে তৃতীয় বারের মতো দু’ দিনব্যাপী এই শিক্ষা ও বাণিজ্য মেলার আয়োজন করে। মোট ৩২টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।

কানাডার হাইকমিশনার বিনোত পিয়েরে লারামী অনুষ্ঠানে বলেন, এই মেলা সহযোগিতা ও বাণিজ্যের পারস্পরিক সুবিধাজনক ক্ষেত্র খুঁজে পেতে বাংলাদেশী ও কানাডার ব্যবসায়ীদের অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য কানাডা উন্মুক্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, তৈরি পোশাক, পাট এবং মানসম্পন্ন পাটজাত পণ্য, সিরামিক পণ্য ও তৈজসপত্রসহ বাংলাদেশি কিছু পণ্য কানাডায় তুলনামূলক অধিক সুবিধা পাচ্ছে।

কানাডার হাইকমিশনার বাংলাদেশের বাজারে তার দেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেয়ার প্রস্তাবের উল্লেখ করে বলেন, ট্রেড ফ্যাসিলিটেশনের (টিএফও) মাধ্যমে রফতানিকারকদেরকে সুবিধা দিতে হবে।

বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ মাত্র ২৫টি দেশের মধ্যে একটি বলেও উল্লেখ করেন করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সংগঠনের সভাপতি মাসুদ রহমানও বক্তব্য রাখেন। গত বছর কানাডা-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৯ বিলিয়ন কানাডীয় ডলার। এক বছরের মধ্যে এই বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডরার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।