এবার নিউইয়র্কে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে অমর একুশ
জাতিসংঘ এবং ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর বাঙালির রক্তাক্ত অমর একুশে এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করতে যাচ্ছে। আগামী ২০ ফ্রেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট গভর্ণর এই সংক্রান্ত স্বীকৃতির একটি সনদ প্রদান করবেন। সম্প্রতি নিউ ইয়র্কের স্টেট গভর্ণর এন্ড্রু এম কুমো নিউইয়র্ক স্টেট সিনেটে অনুমোদনের পর এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেন।
শনিবার ঢাকায় প্রাপ্ত নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০১৪ সালে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহা আমেরিকার রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের জন্য নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে রোল্টার কাছে প্রস্তাবটি পেশ করেন এবং নিউইয়র্ক স্টেট সিনেট আলবেনিতে গত ১০ জানুয়ারি ২০১৫ প্রস্তাবটি পাশ করা হয় (রেজ্যুলুশন-৪৬৯)। এরপর গত ১৩ ফেব্রুয়ারি পাশকৃত প্রস্তাবটি গেজেটে অর্ন্তর্ভুক্ত হয়।
২০ ফ্রেব্রুয়ারি বিকেল ৫ টায় নিউইয়র্ক গভর্ণরের অমর একুশেকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাঙ্গালিকে উপস্থিত থাকার জন্যও সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, ১৮ ফ্রেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দুই সপ্তাহব্যাপী একুশের গ্রন্থমেলা আয়োজনেরও উদ্যোগ গ্রহণ করেছে মুক্তধারা ফাউন্ডেশন।
আরএস