পাসপোর্ট অফিসে ২০ দালাল আটক
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সামনে ও আশেপাশে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব-২ সদস্যরা তাদের আটক করে। পরে দুপুর সোয়া ২টায় পাসপোর্ট অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর পরিচালক (সিও) লে: কর্ণেল মাসুদ রানা এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাবের ভ্রাম্যমান আদালত আটককৃতদের মধ্যে ১৯ জনকে তিনমাস করে কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং বাকি একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।
জানা গেছে, সাম্প্রতিককালে একটি সংঘবদ্ধ দালালচক্র পাসপোর্ট অফিসের সামনে ও পাশ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো, পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজের ঘাটতি ও ভুল বা ভূয়া কাগজপত্র ভেরিভিকেশন ছাড়া টাকার বিনিময়ে পাসপোর্ট তৈরি কাজে উদ্বুদ্ধ করে আসছিল। এছাড়া অল্প সময়ে তারা পাসপোর্ট করিয়ে দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে পাসপোর্ট অধিদফতর অফিস গণউপদ্রব বন্ধ করার জন্য দালালদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। এরই প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আটককৃতদের স্বীকারোক্তিমূলক বক্তব্যের ভিত্তিতে কারাদণ্ড ও জরিমানা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাসপোর্ট অধিদফতর অফিসে এর আগেও অভিযান চালানো হলেও দালাল চক্ররা ছাড়া পেয়ে আবারো সক্রিয় হয়ে পড়ে।
তিনি আরো বলেন, একাধিকবার অপরাধ করে যারা দণ্ড ভোগ করেও আবার দালালি কাজে জড়িয়ে পড়ছে তাদের সম্পর্কে আলাদা ডটাবেজ তৈরি করা হচ্ছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, আইন অনুয়ায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ৬ মাসের জেল। তবে অভিযুক্তদের সংশোধনের সুযোগ দিয়ে তিন মাসের জেল ও জরিমানা করা হয়েছে।
জেইউ/এএইচ/আরআইপি