কর্ণফুলি টানেল : চায়না কোম্পানিকে নিয়ে টিআইবির প্রতিবাদ


প্রকাশিত: ১২:০২ পিএম, ২৪ মার্চ ২০১৫

গণমাধ্যমে প্রকাশিত ‘ক্রয় নীতিমালা লঙ্ঘন করে সরকার কর্তৃক চীনা পরামর্শক প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানিকে কর্ণফুলি টানেল নির্মাণের আদেশ প্রদানের পদক্ষেপ’ সম্পর্কিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার টিআইবি এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে সেতু কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত এ অবিবেচনা প্রসূত উদ্যোগের জোড়ালো প্রতিবাদ জানিয়ে এ ধরনের অবৈধ অবস্থান বাতিল করার দাবি জানিয়েছে টিআইবি।
   
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি সরকারি ক্রয় আইন ও ক্রয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। প্রকাশিত তথ্য অনুযায়ী রাজনৈতিক সম্পৃক্ততার প্রভাবে সরকারি খাতে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রহণযোগ্য এ অনিয়ম সংঘঠিত হচ্ছে। চূড়ান্ত বিবেচনায় এর বোঝা জনগণকে বইতে হবে। এটি একদিকে যেমন ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের দ্বন্দ্বের উদ্বেগজনক বহিঃপ্রকাশ, অন্যদিকে একটি বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক দেশে দুর্নীতি বিস্তারের নগ্ন প্রয়াস।

তিনি আরও বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল দেশের সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতির পথগুলোকে সম্ভাব্য সকল উপায়ে বন্ধ করা। একই সাথে বেসরকারি খাতসহ সকল খাতে সকলের জন্য সমান প্রতিযোগিতামূলক সুযোগ নিশ্চিতকরণের মাধ্যমে অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ক্ষমতাসীন দলের একজন প্রাক্তন মন্ত্রীর প্রভাবে সরকারি ক্রয় নীতিমালার লঙ্ঘন ঘটিয়ে কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে যদি কোনো বিশেষ প্রতিষ্ঠানকে একতরফাভাবে কাজ দিয়ে দেওয়া হয় তবে তা দেশের আইনের যেমন লঙ্ঘন তেমনি জনগণের সাথে প্রতারণার সামিল।

টিআইবি বিশেষভাবে আরও উদ্বিগ্ন এ কারণে যে উল্লিখিত চায়নিজ কোম্পানিটি ইতোমধ্যে আন্তর্জাতিক বহুমাত্রিক প্রতিষ্ঠান কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছে।

সরকারি ক্রয় নীতিমালা লঙ্ঘনের মতো অনৈতিক কাজের দৃষ্টান্ত সৃষ্টি না করে, দেশের বৃহত্তর স্বার্থে এ ধরনের অনৈতিক সিদ্ধান্ত থেকে ফিরে এসে যথাযথ প্রক্রিয়ায় উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী প্রকল্প প্রস্তুতের জন্য পরামর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান একই প্রকল্প বাস্তবায়নে কোনো প্রকার পণ্য/মালামাল সরবরাহ বা ভৌত কাঠামো নির্মাণের কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।