কার্যালয়ের নিরাপত্তা জোরদারে রিটার্নিং কর্মকর্তার চিঠি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার মিহির সাওয়ার মোর্শেদ। মঙ্গলবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার কাছে তিনি এ চিঠি পাঠান।
রিটার্নিং অফিসার মিহির সাওয়ার মোর্শেদ জানান, বিকেল সড়ে ৪টায় এ চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সম্ভাব্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা যেন অযাচিতভাবে নিয়মভঙ্গ করে রিটানিং কর্মকর্তার অফিসে ঢুকতে না পারে সেজন্য রিটার্নিং কার্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা উচিত।
একই সঙ্গে রিটার্নিং অফিসারের কক্ষে নির্বাচন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। যা সমর্থকদের ভীড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত কয়েকদিনে রিটার্নিং অফিসে মনোনয়ন কিনতে আসা মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা নিয়ম ভঙ্গ করে ৫ জনের অধিক সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অফিসে ভিড় করছেন। অনেক প্রার্থীকে মিছিল এবং শোডাউন সহকারেও মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত ঢাকা সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৬ জন। এর মধ্যে কেবল সোমবারেই নিয়েছেন সাত জন। কাউন্সিলর পদে মনোনয়ন পত্র নিয়েছেন ৯৬৭ জন।
এএইচ