লিঙ্গ বৈষম্য হ্রাসে অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ
রাজনীতিতে লিঙ্গ বৈষম্য হ্রাস করে আঞ্চলিক নেতৃত্বে সাফল্যের জন্য বাংলাদেশ মর্যাদাপূর্ণ ওমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড লাভ করেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক ক্যাটাগরিতে রাজনীতিতে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশে এই বিজয় অর্জন করে।
মঙ্গলবার ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমীক্ষায় বলা হয়, বিশ্বে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম এবং রাজনীতিতে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনায় আঞ্চলিক নেতৃত্ব প্রদানের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টের র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে ডব্লিউআইপি সম্মেলন ২০১৫-এ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড গ্রহণকালে শাহরিয়ার আলম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ২ লাখের বেশি মা বোনের জীবন ও সম্ভ্রমহানি হয়েছে এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যারা সমাজে নিজেদের পরিচয় স্বতন্ত্রভাবে তুলে ধরতে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন তাদের জন্য এই অ্যাওয়ার্ড নিবেদিত।
প্রতিমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং সংসদের উপনেতা সকলেই নারী -সম্মেলনে এ বিষয়টি তুলে ধরলে সম্মেলনের সুধীবৃন্দ এর ভূয়সী প্রশংসা করেন।
সম্মেলনের পাশাপাশি প্রতিমন্ত্রী ইথিওপিয়ান বাণিজ্য প্রতিমন্ত্রী ও ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশনের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আরএস/পিআর