আইএসের হাত থেকে মুক্ত হেলাল-আনোয়ার হাসপাতালে


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৫ মার্চ ২০১৫

লিবিয়ায় জিম্মি হিসাবে আটক থাকা বাংলাদেশী দুজন মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। মুক্তির পর হেলালউদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে সিরাতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তাদের দুজনকে উদ্ধার করা হয়। তাদের সাথে কথাও বলেছেন লিবিয়ার দূতাবাসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার এই দুজনের ত্রিপোলীতে নিয়োগদাতা প্রতিষ্ঠানে নিয়ে আসার কথা রয়েছে। এই দুজনসহ অপহৃত নয়জন ভ্যালু অ্যাডেড ওয়েলফিল্ড সার্ভিসেস (ভিওএএস) নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

সেই প্রতিষ্ঠানের তরফ থেকেই লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে তাদের মুক্তির বিষয়টি জানানো হয়। প্রায় ১৯দিন পর তাদেরকে মুক্তি দিল সেখানকার বন্দুকধারীরা।।

কারা তাকে অপহরণ করেছিল, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। মঙ্গলবার সকালেই নিজের মোবাইল ফোন থেকে বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন হেলালউদ্দিন। তবে সে সময় তিনি মুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

লিবিয়ার আল-ঘানি তেল ক্ষেত্র থেকে পাঁচটি দেশের নয়জনকে অপহরণের ঘটনা ঘটেছিল গত ৬ই মার্চ। সে হামলায় ১১জন নিরাপত্তা রক্ষী নিহত হয়।

সেই নয়জনের মধ্যে বাংলাদেশের জামালপুরের হেলাল উদ্দিন এবং নোয়াখালীর আনোয়ার হোসেন রয়েছে বলে তখনই নিশ্চিত হয় বাংলাদেশ সরকার।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।