আমরা ধ্বংস নয়, শান্তি চাই : প্রধানমন্ত্রী
দেশকে জঙ্গি কর্মকাণ্ড থেকে মুক্ত করতে ও চলমান উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধ্বংস ও জঙ্গি কর্মকাণ্ড নয়, আমরা শান্তি ও উন্নয়ন চাই। আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে এবং এদেশ দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ও এর জনগণ বিশ্বমঞ্চে মর্যাদাশীল আসনে আসীন হবে।
বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত স্ব-স্ব ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও অনন্য অবদানের জন্য ৭ বিশিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় খেতাব স্বাধীনতা পদক-২০১৫ প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, কিন্তু কিছু মানুষ বা কিছু মহল ও দলের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এর ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং অন্যদের করুনায় এগিয়ে যাবে তা গ্রহণযোগ্য হবে না।
পদকপ্রাপ্তদের পক্ষে প্রফেসর আনিসুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভূইঞা পদকপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনীসহ সম্মাননা পাঠ করেন।
প্রধান বিচারপতি, মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদে বিরোধী দলের নেতা, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএস/পিআর