আংশিক চন্দ্রগ্রহণ আজ


প্রকাশিত: ০৫:২২ এএম, ০৪ এপ্রিল ২০১৫

সারাদেশ থেকে শনিবার আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। শুক্রবার অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে এক বার্তায় চন্দ্রগ্রহণের বিষয়টি জানানো হয়।

বার্তায় বলা হয়, শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চাঁদ দিগন্তের উপরে ওঠার পর থেকে শুরু হয়ে রাত পৌনে ৮টায় আংশিক গ্রহণ এবং ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে।

বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।

এ বিষয়ে অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর হলেও, চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। চন্দ্রগ্রহণ দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ আবশ্যক নয়। তবে পরিষ্কার অর্থাৎ ভালভাবে দেখতে সেগুলোর ব্যবহার করা যেতে পারে। ছবি তোলার জন্য যে কোন জুম লেন্সসহ ক্যামেরাই যথেষ্ট।

তিনি জানান, চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে। মেঘমুক্ত আকাশ থাকা সাপেক্ষে ক্যাম্প শুরু সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র ও এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চার ইঞ্চি মাকসুতভ টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বলে তিনি জানান।

এসএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।