বর্ষবরণে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে রিট


প্রকাশিত: ০৮:২২ এএম, ২০ এপ্রিল ২০১৫

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের হয়রানিকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ ঘটনার বিচারিক তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার দুপুরে সু্প্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। তিনি জানান, সোমবার দুপুরের বিরতির পর রিটের শুনানি হতে পারে।

এ ব্যাপারে ইউনুস আলী বলেন, একটি বিশেষ ট্রাইব্যুনালে এ ঘটনায় দায়ীদের বিচার করার জন্যও আদেশ চাওয়া হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাশে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এক নারীকে বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। পরে বিভিন্ন সামাজিক সংগঠন এ ঘটনায় প্রতিবাদ করে। পরবর্তী সময়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।