প্রক্টরের পদত্যাগ দাবিতে উত্তাল ঢাবি
পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় প্রক্টরের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে এখনো চলছে যৌন হয়রানির বিরুদ্ধে নিয়মিত মিছিল, সভা ও সংবাদ সম্মেলনসহ নানান কর্মসূচি।
যৌন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগের দাবিতে সোমবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অপরাজেয় বাংলা থেকে বাংলা একাডেমি পর্যন্ত মানববন্ধন করে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সময়ে ক্যাম্পাসে আরও কয়েকটি সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করে কয়েকটি সংগঠন।
ছাত্র ইউনিয়নের মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ৮`শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, ঢাবি কুয়েত মৈত্রী হল, জাতীয় কন্যা শিশু পরিষদ, অ্যাডভোকেসি ফোরাম এবং ইউথ অ্যান্ডিং হাঙ্গার বাংলাদেশ। এছাড়া ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা দায়িত্ব পালনে কর্তৃপক্ষের অবহেলা ও পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে উল্লেখ করেন।
এ সময় বক্তারা নারীর শ্লীলতাহানির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং ঢাবি প্রক্টরের অপসারণের দাবি জানান। তারা বলেন, ভিডিও ফুটেজ নিয়ে কোনো নাটক না করে দোষীদের শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনুন। একই সঙ্গে কর্তব্য পালনে অবহেলাকারী পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির অপসারণের করতে হবে।
প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, ‘ঢাবি প্রশাসন ভিডিও ফুটেজ নিয়ে মিথ্যাচার করছে। অন্যদিকে উপাচার্য কার্যকর ব্যাবস্থা গ্রহণ না করে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। শুধু উপাচার্য নয় মিথ্যাচারে লিপ্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের সর্বোচ্চ স্থানে থাকা ডিবি মনিরুল ইসলামও। আমরা এমন পুলিশ চাই না যারা জনগণের ট্যাক্সে চলে অথচ জনগণের কোনো কাজে আসে না। অবিলম্বে দায়িত্বে অবহেলাকারী পুলিশ ও যৌন নিপীড়নকারীদের বিচারের আওতায় আনতে হবে। নতুবা ছাত্রসমাজ আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে।’
এদিকে যৌন নিপীড়কদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর দেড়টায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে মানববন্ধন করে অনুষদের শিক্ষার্থীরা।
এছাড়া দুপুর ২টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে প্রায় শতাধিক শিক্ষার্থী।
এমএইচ/এআরএস/এমএস