তীব্র মাত্রার ভূমিকম্পে ঢাকা হবে অগ্নিপুরী


প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

তীব্র মাত্রার ভূমিকম্প হলে ঢাকা নগরী অগ্নিকুণ্ডলীতে পরিণত হবে এমনটাই আভাস দিয়েছেন নগর বিশেষজ্ঞ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা। ভূমিকম্পের তীব্রতায় ঢাকায় মাটির নিচে অপরিকল্পিতভাবে ছড়ানো গ্যাস লাইন ফেটে যাবে এবং বিদ্যুতের তারেও আগুন ধরে যাবে। এর ফলে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, তা নিয়ন্ত্রণের ক্ষমতা কারও থাকবে না।

এ প্রসঙ্গে স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি কর্পোরেশনের ব্যর্থতার কারণে ঢাকা এখন ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ভবন। প্রতিটি বাড়িতে বাড়িতে রয়েছে গ্যাসের লাইন। যত্রতত্র বিদ্যুতের লাইন। ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা পাচ্ছে না ভালো প্রশিক্ষণ। ফলে ৬ বা ৭ মাত্রায় ভূমিকম্প হলে উদ্ধারের সেরকম কোনো ব্যবস্থাই থাকবে না।

তিনি আরও বলেন, দক্ষ গ্যাস ব্যস্থাপনা গড়ে তুলতে বাড়ি বাড়ি গ্যাস সংযোগ বন্ধ করে সিলিন্ডার গ্যাস সরবরাহ করতে হবে। তবে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস লাইন অব্যাহত থাকবে। আর বিদ্যুতের তারগুলো মাটির নিচ দিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস বিভাগকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এনে দেশ-বিদেশের প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, রাজধানীর ৭৮ হাজার ভবন ঝুঁকিপূর্ণ বলে রাজউক তালিকা করেছে। অথচ এসব ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রানা প্লাজার মতো ৭৮টি ঘটনা ঘটলে কিভাবে তা নিয়ন্ত্রণ করবে সরকার। একই সঙ্গে তিনি ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, তীব্র মাত্রার ভূমিকম্প হলে অপরিকল্পিত গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে- যা নিয়ন্ত্রণ করা প্রায় দুঃসাধ্য হবে।

এসএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।