সাত খুনের এক বছর : এখনও অধরা ১৩ আসামি


প্রকাশিত: ০৩:২৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের আজ এক বছর পূর্ণ হচ্ছে। কিন্তু এই এক বছরেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে চার্জশিটভূক্ত ১৩ আসামি। এদিকে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে তাদের পরিবার পরিজন। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের ভাই আবদুস সালাম বলেন, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক এলাকায় সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুরে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে।

তবে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, নিহত নজরুল ইসলাম স্মরণে রোববার রাতে মিজমিজি পশ্চিমপাড়ায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।  সোমবার নজরুলের স্মরণে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

উল্লেখ্য,গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকার, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, ইব্রাহীম ও জাহাঙ্গীরকে অপহরণ করা হয়েছিল। পরে তাদের সাতজনকেই নির্মমভাবে খুন করা হয় নারায়ণগঞ্জের লিংক রোড থেকে। ৩০ এপ্রিল বিকালে শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করে প্রশাসন। গত এক বছরে নানা নাটকীয়তার পর চলতি বছরের ৮ এপ্রিল ৭ খুনের দুটি মামলায় ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে প্রশাসন। কিন্তু চার্জশিটভুক্ত নূর হোসেনসহ ১৩ আসামি এখনও অধরা।

এসএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।