বেশি থাকলেই বেশি ব্যবহার সঠিক নয় : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৩ মে ২০১৫

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেশি থাকলেই বেশি ব্যবহার সঠিক কাজ নয়। কম বিদ্যুৎ ব্যবহারে অর্থ ব্যয় কম হয়। এতে সাধারণ মানুষের সুবিধাই নিশ্চিত হয়।

রোববার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঘোড়াশালের চারটি কেন্দ্র উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

নতুন যেসব এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলো তার সুবিধা গ্রহণকারী জণগনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ (রোববার) ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। অদূর ভবিষ্যতে মোট উৎপাদন ১৯৬৫০ মেগাওয়াটে উন্নীত করতে সরকারের পরিকল্পনা রয়েছে।

ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, আরো ৫০০ মেগাওয়াট আমদানির পরিকল্পনা রয়েছে। এছাড়া আগরতলা থেকে পাওয়া যাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ।

নাটোর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঘোড়াশালের চারটি কেন্দ্র হলো- নাটোরে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নারায়ণগঞ্জের গগানগরে ১০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নরসিংদীর ঘোড়াশালে ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং মুন্সিগঞ্জের কাঠপট্টিতে ৫২.৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।