একনেকে ১০ প্রকল্প অনুমোদন
খুলনায় নতুন বিমানবন্দর করবে সরকার। খান জাহান আলীর নামে বিমানবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরো আরও নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ১০ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯১০ কোটি ২৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন, দুটি সংশোধিত।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সরকারের একটা প্রতিশ্রুতি ছিল খুলনায় বিমানবন্দর করা। বৃহত্তর খুলনায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটন শিল্পের প্রসার এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে বিমানবন্দরের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আজ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা। ২০১৮ সালের জুন নাগাদ এ নির্মাণ কাজ শেষ হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
মন্ত্রী আরও বলেন, বাগেরহাটে এখন মংলা বন্দর, ইপিজেড, চিংড়ি শিল্প ও রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। ফলে দরকার হবে দ্রুত যোগাযোগ নেটওয়ার্কে। বিমানবন্দর হলে সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজারকে কেন্দ্র করে পর্যটন শিল্প প্রসারিত হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন. খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প, যার ব্যয় ২০০ কোটি টাকা, মহিপাল ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, এর ব্যয় ১৫৮ কোটি টাকা। সোনাগাজী-ওলামাবাজার চরদরবেশপুর-কোম্পানিগঞ্জ সড়কে ষষ্ঠ কিলোমিটারে ছোট ফেনী নদীর উপর ৪৭৮ দমমিক ১৭ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, এর ব্যয় ৭৩ কোটি ৩০ লাখ টাকা। ছয়টি জেলা পাবলিক লাইব্রেরির উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ৪৯ কোটি ৫৩ লাখ টাকা। ১৫ জেলা শিল্পকলা একাডেমির নবায়ন, সংস্কার ও মেরামত প্রকল্প, এর ব্যয় ৪০ কোটি ৫৬ লাখ টাকা। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প : পার্বত্য চট্টগ্রাম ২য় পর্যায় প্রকল্প, এর ব্যয় ৩৮০ কোটি টাকা। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ২৪২ কোটি ২৮ লাখ টাকা। টিকা উৎপাদন প্রযুক্তি আধুনিকায়ন ও গবেষণাগার সম্প্রসারণ প্রকল্প, এর ব্যয় ১৪৫ কোটি ৯৮ লাখ টাকা। মহিষ উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ৭৫ কোটি ৯১ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্ত খান।
এসএ/এআরএস/বিএ/পিআর/আরআই