বাজেট উপস্থাপনার জন্য ১৩ পদক্ষেপ
জুনে বসছে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট অধিবেশন। আর অধিবেশনে সঠিকভাবে বাজেট উপস্থাপনের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। অর্থমন্ত্রণায়ল ১৩টি পদক্ষেপে বাজেট উপস্থাপনে খুটিনাটি সম্পন্ন করে থাকে। বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপির নিরাপত্তা বিধান এবং সংসদে পাঠানো, বিতরণ, বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য সংসদে এট্রি পাস বিতরণসব ১৩টি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, সরকার বাজেট তৈরি করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডও প্রাক বাজেট আলোচনা করে যাচ্ছে।
গত ২৩ এপ্রিল অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত সচিব ( প্রশাসন ও ব্যয় নিয়ন্ত্রণ) ড. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।
আগামী ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। আর এর কয়েকদিন আগে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।
ওই কার্যবিবরণী থেকে আরো জানা যায়, উপস্থাপনের এক দিন আগে বিজি প্রেস থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করে জাতীয় সংসদে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এ জন্য ৩১ মে’র মধ্যে বাজেট ডকুমেন্টস ছাপানোর কাজ শেষ করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ডকুমেন্টস প্রস্তত হওয়ার সঙ্গে সঙ্গে সংসদে পৌঁছাতে হবে।
বাজেট ডকুমেন্টসগুলোর নিরাপত্তার জন্য পুলিশ প্রহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এ বিষয়ে গোপনীয়তা রাখার জন্যও নানান পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিকদের মধ্যে বিতরণের জন্য ১৩’শ বাজেট ডকুমেন্টসের প্যাকেট রাখা হবে। এর মধ্যে ইংরেজিতে থাকবে ৫০০টি। আর বাংলায় থাকবে ৮০০টি। আর ইংরেজি বাংলা মিলে বাজেট বক্তৃতার ১৩৫০টি কপি সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হবে।
বাজেট পেশের দিনে সংসদে বিশিষ্ট ব্যক্তি, পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন আয়োজনের জন্য সাংবাদিকদের জন্য কমপক্ষে ১৫০টি আসন থাকবে।
এইচএস/আরএস/আরআই