শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী
শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার আন্তর্জাতিক মিডওয়াইফ (ধাত্রী) দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চিকিৎসকদের সাথে আনুপাতিক হারে তাদের নিয়োগ দিতেই এই ব্যবস্থা করা হয়েছে।
বিএনপিকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, নৈরাজ্য সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে না। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে বলে আমাদের দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছে। তাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না।
বর্তমান সরকারকে সহযোগীতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গরিব মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়েছে তাই সবাই সরকারকে সহযোগীতা করবেন।
এর আগে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং নার্সিং দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, নার্সিং কাউন্সিলের রেজিস্টার সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএ/আরএস/আরআই