মোহাম্মদপুরে ভূয়া ডাক্তার আটক, জরিমানা


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১০ মে ২০১৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোডস্থ বাদল ফার্মেসীতে অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এক লক্ষ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

ঢাকা জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদফতর ও র‍্যাব-২ এর যৌথ উদ্যোগে রোববার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ।

তিনি জাগো নিউজকে জানান, রোববার দুপুর সোয়া ১২টায় র‍্যাব-২ এবং ঢাকা জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ টিম রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোডস্থ বাদল ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় ফার্মেসীর চিকিৎসক পরিচয়দানকারী ভূয়া ডাক্তার মোশারফ হোসেনকে (৬০) আটক করা হয়।

মারুফ আহমেদ আরো জানান, আটক মোশারফ হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, তিনি ১৯৮৫ সাল হতে এ ফার্মেসীতে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করে আসছেন। তবে মোশারফের চিকিৎসা সংক্রান্তে কোন সনদপত্র নেই। তারপরেও তিনি অবৈধভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করে ভূয়া ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

উক্ত ফার্সেমীতে অভিযান পরিচালনাকালে ১০/১৫ জন রোগীকে পাওয়া যায়, যাদের মোশারফ নিজেই চিকিৎসা প্রদান করছিলেন এবং চিকিৎসাপত্রে বিভিন্ন ধরনের এন্টিবায়োটিকসহ উচ্চ পাওয়ারের ঔষধ সেবনের পরামর্শ প্রদান করেন বলেও জানান মারুফ আহমেদ।

ফার্মেসীর মালিক মোশারফ হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিল মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮/৩ ধারার আওতায় এক লক্ষ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব-২-এর উপ-পরিচালক দিদারুল আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি উপ-পরিচালক ডা. স্বপন কুমার তপাদার এ অভিযানের নেতৃত্ব দেন।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।