সকলের সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড লাইভ সার্জারি-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনাদের আমি সহযোগিতা করতে চাই। শুধু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমাকে সহযোগিতা করুন।
এ সময় ডাক্তারদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের যেটা করার আমি আপনাদের জন্য করবো, কিন্তু আপনারা জনগণকে সেবা দেন। একসঙ্গে কাজ করলে এগিয়ে যেতে পারবো।
স্বাস্থ্যসেবায় কোনো রাজনীতি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে হলে সবার উচিত আমাদেরকে সহযোগিতা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা দেশ পরিচালনা করতে পারেন না। আমরা নিজেরা নিজেদের যার যার দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে ও উন্নয়ন ত্বরান্বিত হবে। চিকিৎসকরা অনেক পরিশ্রম করেন এটা ঠিক। তারপরও ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে। স্বাস্থ্যসেবায় কোনো রাজনীতি নেই।
অ্যাসোসিয়েশন অব সার্জেন্টস ফর স্লিপ অ্যাপোনিয়া (অ্যাসাব) এই সেমিনারের আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ’র মহাসচিব ডা. ইকবাল আর্সলান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ডা. মনিরা লাইচ লিটু প্রমুখ।
আরএস/আরআই