অনিয়মের তদন্ত করবে অভিযুক্তরা!
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ উঠলে সংসদীয় কমিটি ওই কর্মকর্তাদের বরখাস্তের সুপারিশ করেছে। কিন্তু সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করে মন্ত্রণালয় ওই অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছে অভিযুক্ত কর্মকর্তাদেরকেই।
মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে রোববার বিকেলে ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
ওই সভায় অংশ নিয়ে কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও আহসানুল হক জানান, বিসিআইসির নিয়োগে অনিয়মের নানা তথ্য-প্রমাণ তুলে ধরে সংস্থার সাবেক সচিব তপন কুমার দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়াও সংস্থাটির জেনারেল ম্যানেজার নজরুল ইসলামসহ চারজনকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
নজরুলের বিরুদ্ধে অভিযোগ তিনি, নিয়মনীতি লংঙ্ঘন করে চাকরি নিয়েছেন। সংসদীয় উপকমিটি এসব তদন্ত করে সত্যতা পায় এবং সংশ্লিষ্টদের বরখাস্তের কথা বলে। কিন্তু এর মধ্যে সচিব অবসরে গেছেন। আর নজরুল ইসলামকে প্রধান করেই এই অনিয়ম খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। তদন্ত শেষে কোনো অনিয়ম হয়নি বলে জানায় মন্ত্রণালয়।
প্রঙ্গত, বিসিআইসি’র নিয়োগে অনিয়মসহ সার্বিক কর্মকান্ড তদন্তে কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান করে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। সাব কমিটির অন্য সদস্যরা হলেন আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী ও ফাতেমা তুজ্জহুরা। এই উপ-কমিটি এসব অভিযোগের সত্যতা পায়।
জেআর/আরআই