প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলা কেন অবৈধ নয় : হাইকোর্ট


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১২ মে ২০১৫

পহেলা বৈশাখে ঢাবির টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশের হামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না-রুলে তাও জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

রিটের পক্ষে রিট দায়েরকারী ইউনূস আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে শুনানিতে অংশ নেন।

এ বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ বলেন, তিনি জনস্বার্থে সোমবার একটি রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার, রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিপক্ষ (রেসপনডেন্ট) করা হয়।

তিনি বলেন, কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় জড়িত পুলিশের বিষয়ে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ১৪ মে আদালতেকে জানাতে হবে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।