প্রায় ২ কোটি টাকা মূল্যের কালীমূর্তিসহ আটক ৪
রাজধানীর কদমতলী এলাকা থেকে ১ কোটি ৮০ লাখ টাকা সমমূল্যের কালীমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলীর নতুন শ্যামপুর এলাকা থেকে কালীমূর্তিসহ তাদের আটক করা হয়। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে মূর্তি বিক্রির উদ্দেশ্যে কয়েকজন কদমতলী নতুন শ্যামপুর এলাকার একটি বাসায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩২ কেজি ওজনের কালীমূর্তিসহ ৪ জনকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের কদমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে কদমতলী থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ জানান আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসআরজে