পেছালো বার কাউন্সিল নির্বাচন


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৩ মে ২০১৫

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২০ মে এ নির্বাচন হওয়ার কথা থাকলে তার পরিবর্তে আগামী ২৭ মে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। মঙ্গলবার রাতে বার কাউন্সিলের এক ‘জরুরি সভায়’ এ সিদ্ধান্ত হয়। কাউন্সিলের সচিব  (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলতাফ হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভোটার তালিকায় থাকা কিছু ত্রুটি হালনাগাদ করার জন্য সর্বসম্মতিক্রমে সভায় এ সিদ্ধান্ত হয়। রাত ১০টায় সভা শুরু হয়ে সোয়া ১২ পর্যন্ত চলে। অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ নির্বাচিত ১৩ সদস্য এতে অংশ নেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে কাউন্সিলের ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। তবে এ তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল আলাদাভাবে কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেয়।

এতে অভিযোগ আসে, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হলেও কাউন্সিল নিজস্ব নথিপত্রের সাহায্য না নিয়ে আইনজীবী সমিতিগুলোর পাঠানো সদস্য তালিকা ধরেই ভোটার তালিকা তৈরি করেছে। এ অবস্থায় ‘জালিয়াতি ঠেকাতে’ তালিকা সংশোধন করে পুনঃপ্রকাশের দাবি জানান ১০১ আইনজীবী।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।