নেপালে দুর্গতদের জন্য প্রাণ-এর কনসার্ট
আবারো নেপালের দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এলো বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। এবার ভূমিকম্পে বিধস্ত নেপালের মানুষকে সহায়তা করতে বিশেষ কনসার্টের আয়োজন করবে প্রাণ-এর জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড প্রাণ-আপ। কনসার্টের মাধ্যমে পাওয়া পুরো অর্থ দেওয়া হবে হিমালয়কন্যা নেপালের মানুষের সহায়তার জন্য।
আর মানবতার জন্য বিশেষ এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিয়ে প্রতিবেশি নেপালের মানুষের পাশে থাকছে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম।
এর আগে, গত ২৫ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণ-আরএফএল গ্রুপ দেশের প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে তিন হাজার কার্টুন শুকনো খাবার পৌঁছে দেয়।
বুধবার রাজধানীর সেভেন হিলস রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এবার কনসার্টের ঘোষণা দিলেন প্রাণ বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২১ মে রাজধানীর কলাবাগান মাঠে আয়োজন করা হবে কনসার্টের। যেখানে সঙ্গীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড দল। থাকছেন সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারা।
আয়োজকরা জানান, ওই দিন বিকেলে কনসার্টটি শুরু হবে। টিকিটের মূল্য থাকছে ১৫০ টাকা। সুপারশপ স্বপ্ন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
আনিসুর রহমান বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ দেশের পাশাপাশি বিশ্বের ১০৬টি দেশে ব্যবসা পরিচালনা করছে। শুধু ব্যবসা নয়, পাশাপাশি আমরা সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে যাবার চেষ্টা করি। তারই অংশ হিসেবে দুর্গত নেপালের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ উদ্যোগ।
তিনি বলেন, নেপালে আমাদের কারখানা রয়েছে। সেখানে প্রচুর নেপালি কাজ করছেন। নেপালে প্রাণ-এর পণ্য অত্যন্ত জনপ্রিয়। তাই তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এগিয়ে এসেছি।
কনসার্ট আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান ই মেকারস-এর ব্যবস্থাপনা পরিচালক নাইম আশরাফ জানান, প্রাণকে ধন্যবাদ এমন আয়োজনে পাশে পেয়ে। তিনি বলেন, বিশেষ এ কনসার্টে থাকবে এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্লাক, শূন্য, পেন্টাগণ, পাওয়ার ভয়েসসহ এ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডদল।
সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, নৈতিক দায়িত্ব থেকে প্রাণ এ আয়োজন করছি। ১৫০ টাকা খুব বেশি নয়। এখন দুপুরের খাবার খেতেও এর বেশি খরচ করি আমরা। তাই সবাইকে বলবো, ১৫০ টাকা দিয়ে টিকিট কিনে নেপালের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন।
এসএ/বিএ/আরআইপি