মালয়েশিয়ায় নির্যাতিত বাংলাদেশি উদ্ধার


প্রকাশিত: ০৮:২২ এএম, ১৩ মে ২০১৫

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে একটি দোকানের গুদামঘর থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে দেশটির পুলিশ বাহিনী। উদ্ধারকৃত ওই ব্যক্তিকে আটকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। খবর দ্য স্টার অনলাইন।

এ ঘটনায় জড়িত এক অপহরণকারী সিন্ডিকেটকে আটক করেছে পুলিশ। ওই সিন্ডিকেট অভিবাসী শ্রমিকদের অপহরণ করে জিম্মি করতেন। পরে চাপ দিয়ে তাদের বাড়ি থেকে মুক্তিপণ আদায় করতেন।

পুলিশ সূত্র জানায়, মালয়েশিয়ার তামান মেদান এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে পেটালিং জায়া ও কাজাং থেকে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ১৬ নাগরিককে আটক করে।

সেলাঙ্গর অপরাধ তদন্ত বিভাগের প্রধান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার দাতুক মো. আদনান আব্দুল্লাহ জানান, আটককৃতদের মধ্যে দুজন মালয়েশীয় নারী রয়েছেন। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। পুলিশ ধারণা করছে, পিস্তল দুটি অপহরণ কাজে ব্যবহার করতেন অপহরণকারী চক্র।

পুলিশ অফিসার জানান, গত ৭ মে রাত সাড়ে ৯টায় ৩২ বছর বয়সী ওই বাংলাদেশি সম্পর্কে জানতে পারি এবং পানদান ইনদাহর তামানে চাহায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরের দিন তার এক কাজিন পুলিশকে জানান যে, নির্যাতনের শিকার ওই ব্যক্তির পরিবারের কাছে ৩০ মিলিয়ন টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।  

আদনান আব্দুল্লাহ আরো জানান, ধারণা করা হচ্ছে এ অপহরণকারী দল অন্য বিদেশিদের অপহরণের সঙ্গে জড়িত, বিশেস করে বাংলাদেশি অভিবাসীদের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।