আমানসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৩১ মে


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৩ মে ২০১৫

দ্রুত বিচার আইনে দায়ের করা দুই মামলায় আমানউল্লাহ আমানসহ বিএনপির ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩১ মে ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বার কাউন্সিল নির্বাচনে ব্যস্ত থাকায় সাক্ষ্যগ্রহণ মূলতবি রেখে সময়ের আবেদন করলে ঢাকা জেলার দ্রুত বিচার আদালতের বিচারক নাজমুল হক শ্যামল ওই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে বেরিগেট দিয়ে যানবহন চলাচলে বাধা, যানবহন ভাংচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে পুলিশ।

মামলাগুলোর মধ্যে একটিতে ২০১২ সালের ২৩ ডিসেম্বর আমানউল্লাহ আমানসহ ৬৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অপর মামলায় ২৪ জনের বিরুদ্ধে একই বছরের ২৫ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।