নগরায়নের পাশাপাশি গ্রামায়নের সময় এসেছে : ডেপুটি স্পিকার


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৩ মে ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, নগরায়নের পাশাপাশি এখন গ্রামায়নের সময় এসেছে। শহরের মতো গ্রামেও স্থানীয় সরকারের অনুমোদনক্রমে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় আবাসিক এলাকা গড়ে তুলতে হবে। যত্রতত্র আবাদি জমিতে গৃহায়নের ফলে উৎপাদন কমে যাওয়া রোধে এ ধরনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

অক্সফাম নিযুক্ত ইন্টারন্যশনাল লিড কনসালট্যান্ট ড. উজাইনি হালিম অক্সফাম কর্তৃক ‘গ্রো’ নামক খাদ্য অধিকারবিষয়ক আন্তর্জাতিক ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার ডেপুটি স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি।

সাক্ষাতকালে ড. উজাইনি সার্ক পলিসি ফোরাম, ইয়ুথ পার্লামেন্ট অন রাইট টু ফুড, ক্লাইমেট জাসটিজ এর বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দল সাক্ষাতকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা, নারী কৃষকদের কৃষিকার্ড বিতরণ, কৃষক হিসেবে স্বীকৃতি দান এবং তাদের অধিকার সংরক্ষণে পুরুষ কৃষকের মতো নারীদেরও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানান।

নারী কৃষকদের অধিকার বাস্তবায়নে সব ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তীকালীন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সার্কভুক্ত দেশসমুহকে একযোগে এগিয়ে আসা এবং সার্ক ফুড ব্যাংককে আরো বেশি শক্তিশালী ও কার্যকারী করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও ডেপুটি স্পিকারের সঙ্গে তিনি আলোচনা করেন।

এ সময় ডেপুটি স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী কৃষি নীতির বাস্তবায়ন, কৃষিতে সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উন্নত গবেষণায় কৃষিতে আধুনিকায়ন হয়েছে। তাই জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাদি জমি কমে গেলেও উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে।

তিনি বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিদেশে খাদ্য রফতানি করছে। পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকার সবসময় উদার এবং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যথেষ্ট আন্তরিক বলে মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার কৃষিতে সরকারের অভাবনীয় সাফল্য এবং বাংলাদেশে কৃষির উন্নয়নের মাধ্যমে শিল্পের প্রসার ঘটাতে বর্তমান সরকারের গৃহীত যুগোপযোগী পদক্ষেপের কথা তুলে ধরেন।

এসময় অক্সফামের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর তানভীর মাহমুদ ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।