উন্নয়ন পরিকল্পনায় পার্বত্যাঞ্চলকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ
তিন পার্বত্য জেলায় যারা মানবেতর জীবন-যাপন করছেন তাদের জীবন-যাত্রার মান উন্নয়নে পার্বত্যাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল অংশ নেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জাগো নিউজকে বলেন, আমাদের পার্বত্য জেলাগুলো এখনও অবহেলিত। সেখানকার দুর্গম এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। তাদের কথা চিন্তা করে জেলাগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নের সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে উন্নয়নমূলক কর্মকাণ্ড, তিন পার্বত্য জেলার শিক্ষা সম্পর্কিত ইউএনডিপি’র প্রকল্পগুলোর কার্যক্রম, এ এলাকার ভূমিবিরোধ নিষ্পত্তি এবং তিন পার্বত্য জেলার বিদ্যুৎ বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পার্বত্য চট্টগ্রামে সরকারি বিভিন্ন ২য় শ্রেণির পদে অতিদ্রুত নিয়োগ সম্পন্ন করার সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং এ অঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটি ইউনিট হিসেবে বিবেচনা করে আশু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এইচএস/একে/আরআই