ব্লগার অনন্ত হত্যার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র-ফ্রান্সের
বাংলাদেশি ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। দু`দেশের পক্ষ থেকেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে তারা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে অনন্ত হত্যার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্র জানায়, মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণা অনুযায়ী যেকোনো প্রকার সহিংসতার ভয়ভীতি ছাড়াই চিন্তার শান্তিপূর্ণ প্রকাশ ঘটানোর সুযোগ বাংলাদেশে নিশ্চিত হবে।
অপরদিকে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের এক বিবৃতিতে দেশটি সব ব্লগার হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায়।
একই সঙ্গে ইন্টারনেটসহ যেকোনো মাধ্যমে মত ও অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতার পক্ষে ফ্রান্স তার অবস্থান ব্যক্ত করে।
উল্লেখ্য, মঙ্গলবার সিলেটে ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এসএইচএস/বিএ/আরআইপি