নতুন গাড়ি পেলেন ১৭ বিচারক
জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচারককে ৩০ লাখ টাকা সমমূল্যের মিতসুবিশি ব্র্যান্ডের সিডান গাড়ি দিয়েছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকদের কাছে গাড়ি ও চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এ সময় আইনমন্ত্রী বলেন, `জাপান থেকে আমদানি করা মিতসুবিশি ব্র্যান্ডের কালো রঙের সিডান গাড়ি দেয়া হয়েছে ১৭ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে। প্রতিটি গাড়ির মূল্য ৩০ লাখ টাকা। গাড়ি কিনতে ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। আইন মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে এ গাড়িগুলো কেনা হয়েছে।`
গাড়ি পেলেন যারা : নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরগুনা ও সুনামগঞ্জের বিচারক, কক্সবাজার ও নীলফামারীর জেলা জজ, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকার বিচারক এবং নতুন করে সৃষ্টি হওয়া বরিশাল ও সিলেটের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট।
গাড়ি বিতরণের সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।
এসকেডি/বিএ/আরআইপি