শিক্ষকরা শিক্ষার্থীদের সহায়তা করলে কেন্দ্র বাতিল : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৩ মে ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার হলে কেন্দ্র সচিব ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ঘড়ি বা ইলেক্ট্রনিক কলম নিয়ে ঢুকতে পারবেন না। কারো কাছে এসব পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কোনো স্থানে শিক্ষকরা নৈতিকতা বিবর্জিত তৎপরতা চালিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করলে সঙ্গে সঙ্গে সেসব কেন্দ্র বাতিল করা হবে, দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিজি প্রেস, পুলিশ, র‍্যাব, ডিবিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আইনশৃঙ্খলা কমিটির দক্ষ ও সময়োপযোগী তৎপরতার কারণে প্রশ্নপত্র ফাঁস বা ফেসবুকে হুজুগ না ওঠায় কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

তিনি অতিসম্প্রতি দেশের দু’একটি স্থানে পরীক্ষার হলে কতিপয় শিক্ষক নামধারী নৈতিকতা বিবর্জিত শিক্ষকের অপকর্মে হতাশা ব্যক্ত করে বলেন এরা শিক্ষক নামের কলঙ্ক। এদের অপকর্মের কারণে পুরো শিক্ষকসমাজকে কলঙ্কিত হতে দেবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।