আসছে রেকর্ড এডিপি : এনইসি সভা বৃহস্পতিবার


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৩ মে ২০১৫

নতুন বাজেটে রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করতে যাচ্ছে সরকার। স্বাধীনতার পর এযাবতকালের সর্বোচ্চ পরিমাণ এডিপি বরাদ্ধ চায় পরিকল্পনা কমিশন। ২০১৫-১৬ অর্থ বছরের জন্য প্রায় ৯২ হাজার কোটি টাকার এডিপি বরাদ্ধ চেয়েছে কমিশন।

সূত্র বলছে, এডিপি চুড়ান্ত করতে বৃহস্পতিবার জাতীয় নির্বাহী কমিটির বৈঠক বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সচিবরা উপস্থিত থাকবেন।

কমিশন সূত্রে জানা গেছে, সরকারি খাত থেকে আসবে ৫৮ হাজার কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে আসবে ৩৪ হাজার ৫০০ কোটি টাকা। পদ্মা সেতুতে সাত হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ওপর ভিত্তি করে বরাদ্দ বাড়তে বা কমতে পারে। যেক্ষেত্রে বাড়তে পারে এডিবির আকার।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিবেচনায় পরিবহন খাতে ২০ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ খাত পাবে ১৫ হাজার ৪৮৫ কোটি টাকা। শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষা ও ধর্ম খাতে বরাদ্দ দেয়া হবে ১০ হাজার ৩৯ কোটি টাকা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক হাজার ৩২৫ কোটি ৫৩ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক হাজার ৩৮ কোটি ৬৬ লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১১৬ কোটি, আইন ও বিচার বিভাগে ৩২৯ কোটি ৩ লাখ ও বাণিজ্য মন্ত্রণালয়ে ২২০ কোটি ৩৫ লাখ টাকা এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।