১৩ মে : একনজরে সারাদিনের খবর
সালাহউদ্দিনকে নিয়ে রহস্য বাড়ছে মেঘালয়ে
ভারতে আটক `নিখোঁজ` বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে রহস্য বাড়ছে মেঘালয় রাজ্যে। সোমবার সকালে রাজ্য পুলিশ রাজধানী শিলংয়ের রাস্তা থেকে সালাহউদ্দিনকে আটক করে। সালাহউদ্দিনকে প্রথমে সাধারণ ব্যক্তি হিসেবে ধরা হলেও পরে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার উপদেষ্টা বলে জানতে পারে। এ নিয়ে ওই রাজ্যে তাদের মধ্যে ক্রমান্বয়ে কৌতুহল বাড়তে থাকে। সালাহউদ্দিনকে আটকের পর শিলং টাইমস্ পত্রিকায় `বি-দেশি ম্যান হেল্ড` শিরোনামে একটি সাদামাটা সংবাদ পরিবেশন করে। সংবাদে জানানো হয়, দেশটির পুলিশ জানিয়েছে সোমবার সকালে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে সংবাদে আরো জানানো হয়, শিলিংয়ের গলফলিং এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি নাগরিক সালাউদ্দিনকে। নিখোঁজ এ বিএনপি নেতাকে নিয়ে দেশের ভেতরে রাজনৈতিক উত্তাপ ও সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করলেও শিলং টাইমস্ এর তৃতীয় পৃষ্ঠায় গুরুত্বহীনভাবে ছাপানো হয়েছিল।
৪৫ দিন সাগরে ভেসে কূলে ফিরলো ১১৬ মালয়েশিয়াগামী
সাগরের অথৈ জলে দীর্ঘ দেড় মাস ভাসমান থাকার দুর্বিষহ স্মৃতি নিয়ে ১১৬ মালয়েশিয়াগামী অবশেষে টেকনাফ উপকূলে ফিরে এসেছে। থাইল্যান্ডে ধরপাকড় বাড়ার কারণে দালালও মাঝিসহ আরেকটি ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় তারা এ ভোগান্তিতে পড়ে। দালাল ও মাঝি থাইল্যান্ড এবং মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে প্রতারিত এসব মানুষগুলো।
চোরাই গাড়ি যাচ্ছে সিলেট ও কক্সবাজারে
রাজধানীতে প্রতিদিন চারটি করে গাড়ি চুরি হচ্ছে। তবে উদ্ধারের হার এক-এর চেয়েও কম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হিসেব অনুযায়ী, গত এক বছরে রাজধানীতে গাড়ি চুরি হয়েছে ৮২৭টি আর উদ্ধার দেড়শ। তবে হিসেবটি গাড়ি চুরির মামলার গণনা অনুযায়ী। এ সংখ্যা ১৬শ’রও বেশি। ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশকে ১৮ হাজার ৪৪৯টি গাড়ি চুরি হয়। চুরি যাওয়া গাড়ি উদ্ধারে মামলা হলেও গাড়ি উদ্ধার হয় কখনো অর্ধেক, আবার কখনো তার কম।
অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ
জাতীয় বেতন ও পে-কমিশনের সুপারিশ বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে পর্যবেক্ষণ কমিটি। সুপারিশগুলো প্রয়োজনীয় সংশোধন শেষে আসছে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে বলে সূত্র জানিয়েছে।
পল্লবীতে জোড়া খুন : হত্যাকারী দুইজন
রাজধানীর পল্লবীতে জোড়া খুনের ঘটনায় দুইজন জড়িত বলে দাবি করেছে মিরপুর জোনের পুলিশ। পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) নেসারুল আরিফ জানান, দুপুর দেড়টায় দু`জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে বাসার ভেতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট পরে বেড়িয়ে যায়। তাদের আনুমানিক বয়স ২৫ থেকে ৩২ বছর। তিনি আরো জানান, বাসাটির দারোয়ান তাদের পরিচয় জানতে চাইলে জাহিদুল ইসলাম (সুইটির স্বামী) তাদের পাঠিয়েছে বলে জানায় তারা। নিহত সুইটির স্বামী জাহিদুল ডেসকো-এর রূপনগর অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী।
পণ্যের মান রক্ষায় আরো এক ধাপ এগিয়ে গেলো ‘প্রাণ’
গুণগত মানের পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে আরো এক ধাপ এগিয়ে গেলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ। ‘প্রাণ’-এর পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ও পণ্যের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের বিজ্ঞানসম্মত সেবা দিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার বিসিএসআইআর -এর মিলনায়তনে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।
বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজনে কেন্দ্র চালু হবে
বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য একটি স্থায়ী কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আয়োজিত বিনামূল্যে কৃত্তিম পা সংযোজন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
সালাহউদ্দিনের খোঁজ মেলায় ফুরফুরে মেজাজে আ.লীগ
বিএনপির যুগ্ন-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ মেলায় বেশ ফুরফুরে মেজাজে আছে সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ। রাজনীতির এমন সময়ে সালাহউদ্দিনের আহমেদের খোঁজ মেলায় ইতিবাচক ফলাফল সরকারের পক্ষে যাবে বলেই মনে করছেন আওয়ামী লীগ নেতারা। দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এই ঘটনাকে সরকারের জন্য টার্মকার্ড মনে করছেন। তিনি জাগো নিউজকে বলেন, গুম ও নিখোঁজের ঘটনায় সরকার বিবৃত এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমন সময় বিএনপি’র অন্যতম নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধান মেলায় সরকার স্বস্তিতে।
উপজেলার সংরক্ষিত মহিলা পদে ভোট ১৫ জুন
সারাদেশের ৪৭৮টি উপজেলা পরিষদের মহিলাদের জন্য সংরক্ষিত সদস্য পদে আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর আগে গত মঙ্গলবার কমিশন সভায় উপজেলায় সংরক্ষিত মহিলা পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যথাক্রমে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
২৫ মে কুমিল্লা যাবেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৫ মে কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে জাতীয়ভাবে উদযাপিত কবি নজরুলের ১১৬তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি জেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মায়ের সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা
গাজীপুরের কালীগঞ্জে মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী (১৫) আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এ শিক্ষার্থী একই শ্রেণির সহপাটি হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা ছাত্রীর পরিবারে জানাজানি হলে তাকে বিভিন্নভাবে চাপ দেয় সম্পর্ক ছেদ করার জন্য।
ভারত-পাকিস্তান সিরিজ আরব আমিরাতে
ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ চলতি বছরের শেষ দিকেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দিল্লি সফররত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে ভারতীয় বোর্ড এতে রাজি থাকলেও ভারত সরকার এখনও তাদের সম্মতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। ২০১৪ সালেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছিল পরবর্তী আট বছরে দুই দেশ অন্তত পাঁচটি সিরিজ খেলবে।
সমকামিতার মর্যাদায় বিশেষ সিগন্যাল
সিগন্যাল মানেই আমরা জানি লাল কিংবা সবুজ আলো। আর যখন রাস্তা পার হওয়ার জন্য খুলে দেওয়া হয় তখন দেখা যায় আলোয় মানুষের দাঁড়িয়ে থাকার প্রতিচ্ছবি। কিন্তু, এই সিগন্যালেই অভিনবত্ব আনতে যাচ্ছে ভিয়েনা। ভিয়েনা নতুন এ সিগন্যালে শুধু দাঁড়িয়ে থাকা মানুষ নয়, হাঁটবে দুটি প্রতিবিম্ব। আর সেখানেই রয়েছে মজা। শুধু একজন পুরুষ আর একজন মহিলাই নয়, আলোয় হাত ধরে হাঁটতে দেখা যাবে দুই মহিলা কিংবা দুই পুরুষকেও। সমকামিতার মর্যাদা দিতেই এই অভিনব উদ্যোগ সরকারের।
বেতন পাচ্ছেন না পাবনা সুগার মিলের কর্মচারীরা
অর্থ-সংকটে দু’মাস ধরে বেতন পাচ্ছেন না ঈশ্বরদীস্থ পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা। অন্যদিকে প্রায় ৫০ কোটি টাকার চিনি অবিক্রিত পড়ে আছে মিলের গুদামে। মিল কর্তৃপক্ষ চেষ্টা করেও এই চিনি বিক্রি করতে পারছেন না। মিলে সূত্রে জানা যায়, গত ১২ মে পর্যন্ত মিলের গুদামে ১২ হাজার ৮৮৬ মে. টন চিনি মজুদ রয়েছে। বর্তমানে চিনির মিল রেট প্রতি টন ৩৭ হাজার টাকা। সেই হিসেবে পড়ে থাকা চিনির মূল্য ৪৭ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা।
শরীরে পক্স উঠায় ছাত্রীকে রাখা হলো পরিত্যক্ত কক্ষে!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলের গণরুম থেকে নীলা নামের এক ছাত্রীর শরীরে পক্স (জলবসন্ত) ওঠায় তাকে বের করে দেওয়া হয়েছে। বুধবার ওই ছাত্রীকে নিজের কক্ষ থেকে বের করে হলের পরিত্যক্ত একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে। নীলা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার বিভাগের চূড়ান্ত পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন ওই ছাত্রী।
ভারতে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় আটকরা রিমান্ডে
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরচব্বিশ পরগনায় চলন্ত ট্রেনে বিস্ফেরণের ঘটনায় আটক দু’জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। বুধবার অভিযুক্ত কানা ভোলা এবং সাদ্দাম হোসেনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সঙ্গে আরো এক অভিযুক্ত রাহুল দাসের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কৃষ্ণনগর লোকালে বিস্ফোরণ-কাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবারই কানা ভোলা, সাদ্দাম এবং রাহুল দাসকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের আদালতে তোলা হয়।
আবারো প্রেমিকার সাথে বিচ্ছেদ হলো টাইগার উডসের
প্রচন্ড ব্যস্ততার কারণে টাইগার উডসের সঙ্গে তিন বছরের সম্পর্ক হঠাৎ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন তার প্রেমিকা লিন্ডসে ভন। সপ্তাহ দেড়েক আগে ফেসবুকে এ তথ্য দেন লিন্ডসে ভন নিজেই। এদিকে ব্রিটিশ মিডিয়া দাবি করছে, সম্পর্ক ভাঙার আসল কারণ সাবেক বিশ্বসেরা এই গলফার আবারো যৌন খেলায় মত্ত হয়েছে। যার কারনেই তাদের এ সম্পর্ক ভেঙে গেছে। তাদের এক বন্ধু ভাষ্য, আবারো অন্য এক মহিলার সঙ্গে টাইগারের যৌন সম্পর্কের কথা জানতে পারেন লিন্ডসে।
বাংলাদেশ বিমান ক্যাটারিংয়ের নিয়োগ স্থগিত
বিমানের লোক নিয়োগের প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ থাকার কারণে শেষ পর্যন্ত স্থগিত করা হলো বাংলাদেশ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সব ধরনের নিয়োগ। মঙ্গলবার বিমান ম্যানেজমেন্টের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। জানা যায়, সম্প্রতি এভিয়েশন নিউজ পত্রিকায় বিজ্ঞাপন ছাড়াই বিএফসিসিতে জুনিয়র অপারেশন অ্যাসিস্ট্যান্ট, ভেহিকেল অপারেটর, বেকার হেলপার, প্যান্ট্রিম্যান ও কিচেন হেলপার পদে লোক নিয়োগ করা হবে মর্মে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টের পরই মন্ত্রণালয় ও বিমানের শীর্ষ ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত দেন।
বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার
বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের জয়েন্ট স্টিয়ারিং কমিটির ৯ম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। বৈঠকে উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব পি. কে. সিনহা এবং বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।
ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু
ঝড়ে পন্টুন বিধস্ত হওয়ার ৩ দিন পর ভোলা-লক্ষীপুর রুটে বুধবার দুপুর থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ওই রুটে ৩ দিন আটকে থাকা ৩ শতাধিক ধান, কাঁচা তরকারি ও অন্যান্য মালামাল বোঝাই ট্রাকসহ অপেক্ষমান ছিল। দু`কিলোমিটার দীর্ঘ যান জট কমতে আরো ৪ দিন সময় লাগবে বলে মনে করছেন ফেরির চালকরা। সকালে বিআইডব্লিউটিএ’র একটি টিম মাওয়া থেকে আনা একটি ট্রাকবোর্ড দিয়ে বিধস্ত ফেরি উদ্ধার অভিযান শুরু করে। জোয়ারের সময় বিধস্ত ফেরিটি টেনে পাশ্ববর্তী স্থানে নিয়ে আসে। পরে আগের স্থানে নতুন একপি ফেরিপন্টুন স্থাপন করে।
একরাম হত্যা : চার্জশিটভুক্ত ২৭ আসামি কারাগারে
ফেনীর ফুলগাজী উপজেলা সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ২৭ আসামিকে কারাগারে প্রেরণ করে আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ২৭ আসামিকে আদালতে হাজির হলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একই আদেশে বিচারক ২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
ভারতে জমি বিল পর্যালোচনায় ৩০ সদস্যের কমিটি
ভারতে জমি সংক্রান্ত বিল পর্যালোচনার জন্য ৩০ জন সংসদ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাজ্যসভার পক্ষ থেকে সংসদদের এ কমিটি গঠন করা হয়। বিশেষ কমিটির সদস্যরা হলেন- বিজেপির প্রভাত ঝা এবং রাম নারায়ণ দুদি; কংগ্রেসের দিগ্ধিজয় সিং, জয়রাম রমেশ এবং পি এল পুনিয়া; সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব; সংযুক্ত জনতা দলের শরদ যাদব; তৃণমুল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন; বহুজন সমাজ পার্টির রাজপাল সিং সাইনি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শারদ পাওয়ার।
টেকনাফে আরো ১১ মালয়েশিয়াগামী আটক
এবার টেকনাফ উপকূল দিয়ে দেশে ফেরার পথে আরো ১১ মালয়েশিয়াগামী বাংলাদেশিকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন, কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া ইউনুস খালী এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে মামুন মিয়া (২৬) ও মৃত আবদুল মোন্নাফের ছেলে হেলাল মিয়া (২৭), চকরিয়া শিকদার পাড়ার ঈদমনী ঘোনা এলাকার মৃত আবদুল বাসুর ছেলে নুরুল হোসেন ওরফে ভুট্টো (২৭), চট্টগ্রাম বাঁশখালীর জলদি সক্কিচর এলাকার আবদুস শুকুরের ছেলে আমির রহমান (২৪) ও আবদুল মোন্নাফের ছেলে হায়দার আলী (২৭), আশকারীয়া পাড়া এলাকার জয়নাল উদ্দিনের ছেলে মহিনউদ্দিন (১৭) ও হাবিব উল্লাহর ছেলে জসিম উদ্দিন (২৯), মাদারীপুরের আইনুল কাজীর ছেলে মামুন (২২), কবিরাজপুর এলাকার আবদুর রউফের ছেলে রেজাউল (২৮), শিবচর সিরুউরাইলের রতন মোল্লার ছেলে বাবুল মোল্লা (২৪), সুনামগঞ্জ গৌরারং জাগাইরগাঁও এলাকার খলিলুর রহমান ছেলে শামীম আহাম্মদ (২২)।
বিএ/আরআই