পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় সালাহউদ্দিন!
ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হাতে আটক বিএনপি নেতা সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তার পরিবার ও দল। ইতোমধ্যে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হেফাজতে মেঘালয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আদালতেও তোলা হতে পারে তাকে। খবর মেঘালয় টাইমস।
বিএনপির সহ-অফিস সম্পাদক আব্দুল লতিফ জনি মেঘালয়ের সিভিল হাসপাতালে সালাহউদ্দিনের সঙ্গে দেখার করার পর এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের জানিয়েছেন, সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ তার পরিবারের ওপর নির্ভর করছে।
মেঘালয়ের সাংবাদিকদের জনি জানান, দু`একদিনের মধ্যে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ শিলংয়ে আসতে পারেন। তখন সালাহউদ্দিনের আইনি লড়াই ও দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে। তিনি বলেন, আমরা এখনো কারো শরণাপন্ন হয়নি। হাসিনা আহমেদ যখন আসবেন তখনই দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সালাহউদ্দিনের স্বাস্থ্য সম্পর্কে জনি বলেন, সালাহউদ্দিন আহমেদ এ পর্যন্ত ১৫ কেজি ওজন হারিয়েছেন এবং কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। তিনি জানান, সালাহউদ্দিন তাকে জানিয়েছেন সিভিল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে তিনি অসন্তুষ্ট। রাতে ঘুমানোরও সমস্যা হচ্ছে তার।
তবে হাসপাতালের কার্ডিওলজিস্ট ড. জে গোস্বামী বলেন, সালাহউদ্দিনের চিকিৎসার ব্যাপারে আমরা আন্তরিক। তার হার্ট ও কিডনির চিকিৎসার জন্য বেশ কয়েকটি পরীক্ষা করিয়েছি। আমার আশাবাদী যে, কয়েকটি পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া গেছে।
এদিকে, মেঘালয়ের পুলিশ প্রধান রাজিব মেহতা বলেছেন, আমরা সালাহউদ্দিনকে আটক করার বিষয়ে ইন্টারপোলের নোটিশ পেয়েছি। তবে ইন্টারপোলের ভারতের অফিস অথবা সিবিআই থেকে এখনো কোনো চার্জশিট দেয়া হয়নি।
বিএনপির সাবেক এ মন্ত্রীকে গত সোমবার শিলংয়ের রাস্তা থেকে আটক করে পুলিশ। এরপর বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রায় দু`ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে মেঘালয়ে সালাহউদ্দিনের নাটকীয় উপস্থিতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি রাজ্য পুলিশ।
এদিকে, দীর্ঘ ৬২ দিন পর `নিখোঁজ` স্বামীর খোঁজ পাওয়ার পর থেকে ভিসার পেছনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন হাসিনা আহমেদ। টানা তিন দিন ঘুরেও ভারতে যাওয়ার ভিসা পাননি তিনি। গত সোমবার সালাহউদ্দিনের খোঁজ পাওয়ার পর থেকে ভিসার জন্য দৌড়ঝাঁপ করছেন হাসিনা। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত তিনি ভিসা পাননি বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে ‘নিখোঁজ’ হন সালাউদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়া কয়েকদিন আগেও অভিযোগ করেছিলেন যে সালাউদ্দিন র্যাবের কাছে আছেন। তবে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন।
## ভারতে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন সালাহউদ্দিন!
## সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন জনিসহ দুই আত্মীয়
## সালাহউদ্দিনের ব্যাপারে কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় মেঘালয় পুলিশ
## সহসাই দেশে ফেরা হচ্ছে না সালাহউদ্দিনের
বিএ/পিআর