ঢাকায় সিপিএ’র বার্ষিক পার্লামেন্টারি সেমিনার শুরু সোমবার


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৭ মে ২০১৫

ঢাকায় ৪ দিনব্যাপী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬তম বার্ষিক পার্লামেন্টারি সেমিনার সোমবার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকালে চার দিনব্যাপী সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কমনওয়েলথ্ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’-এ মূলভাবকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ সেমিনারে কমনওয়েলথভূক্ত ৯টি অঞ্চলের বিভিন্ন দেশের ২৮টি শাখার প্রায় ৫০ জন পার্লামেন্টারিয়ান ও প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

সেমিনারের ১৩টি সেশনের বিষয়বস্তুর উপর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত দেশি-বিদেশি পার্লামেন্টারিয়ানগণ মূল বক্তব্য উপস্থাপন করবেন। বাংলাদেশ জাতীয় সংসদের পাঁচজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান পাঁচটি সেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, সংসদীয় পদ্ধতি ও চর্চার ওপর বার্ষিক ওয়েস্টমিন্স্টার সেমিনারগুলোর মাধ্যমে কমনওয়েলথভূক্ত পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানগণ সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি ও মৌলিক উপাদান সম্পর্কে গভীর ও বিস্তৃত ধারণা অর্জন করে থাকেন।

১৯৮৭ সালের মার্চে জিব্রাল্টারে অনুষ্ঠিত সিপিএ নির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর কমনওয়েল্থের বিভিন্ন অঞ্চলে এই বার্ষিক কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনার অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৮৯ সালে জাম্বিয়ায় প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে ২৭তম সেমিনার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হবে।

১৯১১ সালে সিপিএ’র যাত্রা শুরু হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্যপদ লাভ করে। ২০০৩ সালে ঢাকায় সিপিএ-র ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৪ সালের অক্টোবরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে এশিয়া অঞ্চলের স্বাগতিক দেশ হিসেবে ২৬তম এ বার্ষিক সেমিনারের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অধিকতর গুরুত্ব বহন করছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।