দেশের উন্নয়নে করদাতাদের কর দেয়া অপরিহার্য : ড. মসিউর রহমান
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। আর দেশের উন্নয়নে করদাতাদের কর দেয়া অপরিহার্য। এটি সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোববার সকালে খুলনার খালিশপুর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এর করদাতা উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মূসক ব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব, সহজে পরিপালনযোগ্য, গতিশীল এবং সময়োপযোগী করার লক্ষ্যে মূল্য সংযোজন কর আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে। নতুন এ আইনে ইলেকট্টনিক পদ্ধতিতে মূসক দাখিল করা হচ্ছে। এর ফলে নানা বিষয়ে সীমাবদ্ধতা দূর হয়েছে। সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থানায় করদাতাগণ আগের চেয়ে আরও বেশি অাগ্রহী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উপদেষ্টা আরো বলেন, সরকার কর প্রদানের সুবিধার্থে আয়কর রিটার্ন ফরম সহজিকরণ, ই-পেমেন্ট, অনলাইনে রিটার্ন দাখিল, পেপারলেস শুল্ক ব্যবস্থানা চালুকরণ, সেরা করদাতা ও সেরা মূসক করদাতাদের সম্মাননা প্রদান করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর মংলা বন্দরসহ এ অঞ্চলের উন্নয়নে দৃষ্টি দিয়েছেন। মংলা বন্দরে বিদেশিরা বিনিয়োগ করছে। বন্দরের অবকাঠামো তৈরি করলেই হবে না একে ব্যবহার করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মংলা কাস্টমস হাউসের কমিশনার ড.মোহা. আল আমিন প্রামানিক এবং খুলনা চেম্বারের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক।
এসময় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন মংলা সিএনএফ এসোশিয়েসনের সভাপতি মো. সুলতান হোসেন খান এবং খুলনা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আতিয়ার রহমান। এতে স্বাগত বক্তৃতা দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যুগ্ম-কমিশনার মো. শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার মো. আহসানুল হক। সেমিনারে ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সরকারি দফরের উধ্বর্তন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আলমগীর হান্নান/এসএস/আরআই