সালাহউদ্দিনের সঙ্গে স্ত্রী হাসিনার দেখা হচ্ছে আজ
শিলং পুলিশের হাতে আটক বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে মেঘালয়ের পথে রোববার রাতে বিমানযোগে কলকাতায় পৌঁছেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সন্ধ্যায় ভারতের ভিসা পাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে কলকাতায় পৌঁছান তিনি। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে তিনি বিমানে আসামের গৌহাটি যাবেন। সেখান থেকে সড়কপথে যাবেন শিলংয়ে।
তার একজন আত্মীয় জানান, সোমবার সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে মেঘালয়ের শিলং এর উদ্দেশ্যে রওনা হবেন হাসিনা আহমেদ। রোববার দিনভর তিনি ভিসার অপেক্ষায় ছিলেন। সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে তার ভিসার বিষয়টি নিশ্চিত করা হয়।
হাসিনা আহমেদের সঙ্গে রয়েছেন সালাহউদ্দিনের বোন জামাই মাহবুবুল কবির মুনমুন। রোববার রাত ৮টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারা। প্রথমে সড়কপথে যাওয়ার প্রস্ততি থাকলেও শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে বিমানপথে শিলং যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর সোমবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান মেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের। পরের দিন সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে টেলিফোনে সালাহ উদ্দিন আহমেদ স্ত্রীর সঙ্গে কথা বলেন। স্বামীর সঙ্গে কথা বলার পরপরই শিলংয়ে যেতে উদগ্রীব হয়ে ওঠেন তিনি। বুধবার হাসিনা আহমেদসহ পরিবারের পাঁচজন ভিসার জন্য আবেদন করেন। রোববার তিনজনকে ভিসা দেয়া হয় বলে জানা গেছে।
এদিকে অসুস্থ সালাহউদ্দিন আহমেদকে দেখতে লন্ডন থেকে কলকাতা হয়ে রোববার সকালে শিলং পৌঁছান সদ্যসমাপ্ত সিটি নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল। সেখানে অবস্থানরত বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিকে নিয়ে দুপুরেই সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করেন তিনি।
রোববার সড়কপথে শিলংয়ে যান তাবিথের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হুদা রাজুসহ আরো কয়েকজন। তাবিথ আউয়াল বেশ কয়েক দিন শিলংয়ে অবস্থান করবেন বলে জানান রাজু। রোববার তাবিথ ও জনি ছাড়াও সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করেছেন তার ভাতিজা সাফাওয়ানুল করিম ও হুমায়ুন আহমেদ নামে এক আত্মীয়।
বিএনপির একটি সূত্র জানায়, সালাহউদ্দিনের চিকিৎসা এবং আইনি বিষয়গুলো তদারকি করতেই মূলত দলের হাইকমান্ড তাবিথ আউয়ালকে শিলংয়ে পাঠিয়েছে। তাবিথের বাবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সালাহ উদ্দিনের রয়েছে পারিবারিক সম্পর্ক।
রোববার আবদুল লতিফ জনি জানান, সালাহউদ্দিনের অসুস্থতা আরো বেড়ে গেছে। পানি জমে তার পা ফুলে গেছে। কিডনি জটিলতার কারণে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। রাতে খুব একটা ঘুমাতে পারছেন না। তিনি আরো জানান, কিডনি ও হার্টের টেস্ট রিপোর্টগুলো আজ পাওয়া যাবে। রিপোর্ট দেখে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
জনি জানান, সালাহ উদ্দিন আহমেদ মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। মানসিক বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠতে পারছেন না। তিনি (সালাহ উদ্দিন) মানসিকভাবে সুস্থ আছেন- শুরুতে চিকিৎসকরা এমন কথা বললেও গত কয়েক দিনে তার মানসিক বিপর্যয় লক্ষ্য করা গেছে। অপহরণের পর প্রতিটি দিন কীভাবে কেটেছে, তা স্পষ্টভাবে মনে করতে পারছেন না তিনি। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই তার কথা জড়িয়ে যাচ্ছে। কথা বলতে গিয়ে কেঁপে কেঁপে উঠছেন। বারবার হাত-পা নাড়াচড়া করছেন। কোনো কথা মনে রাখতে পারছেন না। একই কথা বারবার বলছেন। স্ত্রীর জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে। যারাই তাকে দেখতে যাচ্ছেন সবার কাছে জানতে চাচ্ছেন, হাসিনা (সালাহ উদ্দিনের স্ত্রী) কখন আসবে।
জনি বলেন, হাসিনা আহমেদ আসার পরই স্থানীয় আইনজীবীদের সঙ্গে কথা বলে কীভাবে মামলা মোকাবেলা করা যায়, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরই মধ্যে কয়েকজন আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। এদিকে হাসপাতালের ছাড়পত্র না পাওয়ায় সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না।
পুশব্যাক করা হতে পারে : এদিকে রোববার ভারতের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে বলা হয়েছে, সালাহউদ্দিন আহমদকে ভারত থেকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হতে পারে। ওই প্রতিবেদনে মেঘালয় পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) রাজিব মেহতার বরাত দিয়ে বলা হয়, আদালত আদেশ দিলে সালাহউদ্দিনকে ডাউকি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হতে পারে।
রাজিব মেহতা টাইমস অব ইন্ডিয়াকে আরো বলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে সালাহ উদ্দিনকে আইন অনুযায়ী আদালতে নিয়ে যাওয়া হবে। এর আগে একটি প্রতিবেদনে সালাহ উদ্দিনের সিঙ্গাপুরে যাওয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, তার এভাবে সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ নেই। আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। কীভাবে তিনি কাগজপত্র ছাড়া ভারতে ঢুকলেন কিংবা কে বা কারা তাকে এখানে নিয়ে এলো- এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ।
# কলকাতায় হাসিনা, সোমবার যাবেন শিলং
# গোয়েন্দাদের জেরায় অবশেষে মুখ খুললেন সালাহউদ্দিন
# প্রিজনার সেল থেকে সালাহউদ্দিনের ভিডিও ফাঁস! (ভিডিও)
# সালাহউদ্দিনকে দেখতে ভারতে তাবিথ
বিএ/এমএস