সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৮ শতাংশ প্রার্থীই বিধি লংঘন করেছে


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১৮ মে ২০১৫

সদ্য শেষ হওয়া ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৮ শতাংশ প্রার্থীই আচরণ বিধি লংঘন করেছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)-এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।  

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৮ শতাংশ প্রার্থীই আচরণ বিধি লংঘন করেছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)-এর গবেষণায় তথ্য উঠে এসেছে। এই গবেষণায় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়নি বলেও টিআইবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
 
ওই গবেষণা প্রতিবেদনে আরো বলা হয় মূলত নির্বাচন প্রচারণার অফিস ক্যাম্পে খাবার বিতরণ, উপহার সামগ্রী, বকশিস ও নির্ধারণ সময়ের পরেও প্রচারণা চালিয়ে বেশির ভাগ প্রার্থী আচরণ বিধি লংঘন করেছে।

এছাড়াও ৪২ শতাংশ প্রার্থী বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে, ৪০ শতাংশ প্রার্থী জনসভা করে, ২৬ শতাংশ প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের সময় শোডাউন করে, ২৩ শতাংশ প্রার্থী যানবাহন সহকারে মিছিল করে আচরণ বিধি লংঘন করেছে।

উক্ত গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ হলেও যারা আইন ভঙ্গ করেছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে শুধুমাত্র আইনি নোটিশ প্রদান ও আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। কমিশনের সব ধরণের ক্ষমতা থাকার পরেও তাদের বিরুদ্ধে কোন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের পর টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরকালে বলেন, এই নির্বাচনে ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রামের প্রার্থীরা অনুমোদিত ব্যয়ের চেয়ে যথাক্রমে ৭, ১১ ও ২১ গুন টাকা বেশি ব্যয় করেছে।

বেশির ভাগ কেন্দ্রে নির্বাচনী বিধি লংঘন করে ব্যাপক ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান আরো বলেন, এই ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল প্রশ্নবিদ্ধ। এমন ঘটনা নির্বাচন কমিশনের  দুর্বলতা ও নেতৃত্বের দৃঢ়তার অভাবের জন্যই ঘটেছে। আর তাই এই নির্বাচনকে কোন ভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  বলা যায় না।

জেইউ/জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।