মে মাসে ৬১ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি


প্রকাশিত: ১১:১৫ এএম, ০১ জুন ২০১৫
ফাইল ফটো

চলতি বছরের মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৬০ কোটি ৮৭ লক্ষ ৮৪ হাজার ৪৬৩ টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত মাদকের মধ্যে রয়েছে- ২ লক্ষ ৬৩ হাজার ৪৫২টি ইয়াবা ট্যাবলেট, ৫৩ হাজার ৩১০ বোতল ফেনসিডিল, ৭৯৮ কেজি গাঁজা, ২৮ হাজার ২৭৩ বোতল বিদেশি মদ, ২১০ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬৭৬ টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৭০০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২২ লক্ষ ৭৫ হাজার ১৮৬টি বিভিন্ন প্রকার ট্যাবলেট।

এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১৭ হাজার ২২৫টি শাড়ি, ৫ হাজার ৪১৩টি থ্রিপিস, ৩৪ হাজচার ৪৯৬ মিটার থান কাপড়, ৪ হাজার ৯১৫টি তৈরি পোশাক, ৪ হাজার ৯৭৮টি বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ, ৫ হাজার ২২২ সিএফটি কাঠ এবং ১টি কষ্টি পাথারের মূর্তি।

গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৪টি বন্দুক, ৯টি পিস্তল, ১টি রিভলবার, ৪টি ককটেল, ৩১ রাউন্ড গুলি এবং ১২টি ম্যগাজিন।

এছাড়া মে মাসে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫১ জনকে আটক করেছে। যার মধ্যে ৩৯ জনকে মোবাইল কোর্ট কর্তৃক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।

একই সঙ্গে গত মাসে সীমান্ত পথে ৭৩৭ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করেছে বিজিবি। এছাড়া উল্লেখিত সময়ে সীমান্ত পথে পাচারকালে ২৮ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ২২ জন নারী ও  জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।