সামাজিক নিরাপত্তা কৌশল হাতে নিচ্ছে সরকার
প্রতিবন্ধীসহ ঝুঁকিপূর্ণ যেকোনো বয়সের মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে নীতি-কৌশল হাতে নিচ্ছে সরকার। এ জন্য একটি কৌশল চূড়ান্ত করেছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, সরকারের যেসব খাতে ব্যাপক সাফল্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো সামাজিক নিরাপত্তা খাত। বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির ২ দশমিক ৩ শতাংশ খরচ হয়।
তিনি আরো জানান, গত এপ্রিল মাসে খসড়াটি মন্ত্রিসভায় এলে কিছু পর্যবেক্ষণ দিয়েছিল মন্ত্রিসভা। মন্ত্রিসভার পর্যবেক্ষণের আলোকে ‘গাইড লাইন্স অব সেন্ট্রাল মনিটরিং কমিটি অন সোশ্যাল সেফটিনেস প্রোগ্রাম’-এর আওতায় পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিক বিভাগ সংশোধন করেছে।
মোশাররাফ হোসাইন বলেন, ২৩টি মন্ত্রণালয় ও বিভাগ বর্তমানে ১৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করছে। এর সমন্বয়ের জন্য কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছিল। সে কারণে একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। কৌশলপত্রের আলোকে ভবিষৎ পরিকল্পনা করবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের। কিন্তু সবাইকে আনা তো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ কোনো বয়সের মানুষ, দারিদ্র্য, অতি দরিদ্রতার শিকার তারা যেন যেকোনো কর্মসূচির মধ্যে আসে। যে বয়সেরই হোক না কেন তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রতিবন্ধীদের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হবে জানিয়ে তিনি বলে, প্রতিবন্ধীরা সাধারণ ঝুঁকিপূর্ণ মানুষের থেকে বেশি বরাদ্দ পাবেন।
এসএ/বিএ/পিআর