বাজেট অধিবেশন শুরু
জাতীয় সংসদের বাজেট অধিবেশন সোমবার সাড়ে পাঁচটায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের এই প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধী দল জাতীয় পার্টির অধিকাংশ এমপিরা উপস্থিত ছিলেন।
অধিবেশনের শুরুতেই সভাপতিমন্ডলি মনোনয়ন করা হয়। এরা স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর দেশের বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাব শেষে নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এটি চলমান দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল, আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে যোগদান করেন। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলমান সংসদ ৯ জুলাই পর্যন্ত চলবে।
বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, মঙ্গলবার অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। আগামী ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকাল ৩টা ৩০ মিনিটে বাজেট পেশ করবেন।
মঙ্গলবার বাজেট উপস্থাপনের দিন ছাড়া রমজানের পূর্বে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। রমজানের সময় সকাল ১০টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২০ ও ২৭ জুন শনিবারের অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়া বাজেটের উপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
এইচএস/আরএস/পিআর