সাভারে সন্ত্রাসী সাত্তারসহ আটক ৪, অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৫ জুন ২০১৫

সাভারের ছোট কালিয়াকৈর এলাকা থেকে ভূমিদস্যু ও শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস সাত্তারকে তার দলবলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যটালিয়ন। সোমবার বিকেল ৩টার দিকে র‌্যাব-১ এর একটি দল তাদেরকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।

গ্রেফতার অন্যরা হলেন- আব্দুল হামিদ(৩২), মো. একলাছ (৪২) এবং আবু তাহের ওরফে শাহাজউদ্দিন (৩২)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১টি শটগান, ১টি ডিবিবিএল রাইফেল, পিস্তলের ম্যাগজিন ৬টি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ (লেড বল), ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৫টি রাম দা উদ্ধার করা হয়।

মাকসুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার বিরুলিয়া ইউনিয়ন ছোট কালিয়াকৈর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে পলাতক আসামি সেলিম মন্ডল (৩৮), মো. হুমায়ুন (২৭), মো. মুনসুর ওরফে কুটি মুনসুরও (২৭) জড়িত রয়েছে।

তারা ঢাকা ও আশুলিয়ার আশেপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অস্ত্রবাজি করে জমি দখল এবং অস্ত্র ভাড়া দেয়ার কাজে নিয়োজিত ছিল। এছাড়াও এ দলটি ছিনতাই, চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বাস-টেম্পু স্ট্যান্ড নিয়ন্ত্রণসহ নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত বলেও জানান মাকসুদুল আলম।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র এ সহকারী পরিচালক বলেন, আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী সাত্তার সবজি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে বিভিন্ন ডাকাত ও অপরাধী চক্রের সঙ্গে মিলিত হয়ে নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।
 
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জেইউ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।