রাজধানীতে লেগুনার ধাক্কায় রেস্টুরেন্ট কর্মচারী নিহত
রাজধানীর ধানমন্ডী এলাকায় যাত্রীবাহী একটি লেগুনার ধাক্কায় মো. তারেক (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার রাতে ধানমন্ডী উৎসব কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।
মো. তারেকের পিতার নাম আবুল কালাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার আজ ১১টার দিকে ধানমন্ডী উৎসব কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তারেক। কিন্তু রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা তাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন পথচারী আবু হানিফ। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান তারেক।
ঢামেকের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
একে