আম রফতানি নিয়ে বাংলাদেশকে মমতার চিঠি


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৬ জুন ২০১৫

ভারতের মালদহের আম বাংলাদেশে রফতানির জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদহের দুর্গাকিঙ্কর ভবনে প্রশাসনিক বৈঠক শুরুর আগে সাংবাদিদের এ কথা জানান তিনি। খবর- আনন্দবাজার পত্রিকার।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আম রফতানি নিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি লেখা হয়েছে। এটা দুই দেশের আভ্যন্তরীণ বিষয়। এখানে আলোচনা করে লাভ হবে না। চাষিরা আম বিক্রি করতে পারলে আমরা খুশি হব।’

তিনি আরো বলেন, ‘জেলার দশ হাজার অপুষ্ষ্ট শিশুদের পুষ্টি যুক্ত খাবার বিলি করেছে। তাদের নাম, পরিচয় নিয়ে একটি বই প্রকাশ করেছে। সেই বইতে ওই শিশুদের সম্বন্ধে পর্যাপ্ত তথ্য রয়েছে। খুব ভালো কাজ হয়েছে।’

প্রতিবেদনটিতে জানানো হয়, বাংলাদেশে মালদহের আম নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার খবরে খুশি জেলার আম ব্যবসায়ী ও চাষিরা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সংগঠন সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরো জানানো হয়, চার বছর ধরে বাংলাদেশে আম রফতানি বন্ধ। কারণ বাংলাদেশ সরকার আগের চেয়ে কর দ্বিগুণ বাড়িয়েছে। আগে বাংলাদেশের মুদ্রায় কেজি প্রতি আমের জন্য কর লাগত সাত টাকা। চলতি বছর কেজি প্রতি আমের জন্য গুনতে হবে ৩৬ টাকা। তাই বাংলাদেশে আম রফতানি বন্ধ রয়েছে।

উদ্যান পালন দফত সূত্রের বরাত দিয়ে আরো জানানো হয়, রাজ্যের এবার প্রায় দশ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। তার মধ্যে মালদহে রয়েছে পাঁচ লক্ষ মেট্রিক টন। বিপুল পরিমাণে আম উৎপাদন হওয়ায় মাথায় হাত পড়েছে জেলার আম চাষিদের।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।