বেসরকারি ক্লিনিকের মানবিক বিষয়ে গুরুত্ব দেয়া উচিত
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক যারা পরিচালনা করেন তাদের হিউম্যান রাইটসের প্রতি সম্মান প্রদর্শন ও গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশে প্রতি বছর মোট ৩০ লাখ ডেলিভারি হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারি ১১ লাখ। পৌনে ৭ লাখ হয় সরকারি প্রতিষ্ঠানে আর সাড়ে ৪ লাখ হয় প্রাইভেট ক্লিনিকে। যারা বেসরকারি ক্লিনিক পরিচালনা করেন তাদের হিউম্যান রাইটসের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
আপনাদের মায়েদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। এটা শুধু ব্যবসা নয়, মানব সেবা। মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণ।
উদাহরণ দিয়ে তিনি বলেন, একটা নরমাল ডেলিভারি যেখানে হতে পারতো সেখানে সিজারিং করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এটি হিউম্যান রাইটস লঙ্ঘন। এই দিক থেকে আমাদের ফিরে আসতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। আমরা অনেকগুলো ক্লিনিক বন্ধ করে দিচ্ছি। আমরা অনেক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছি।
মায়েদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বাল্যবিবাহ দেবেন না, বাল্যবিবাহ দিলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। শিশু মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। আপনারা বাসায় ডেলিভারির চিন্তা করবেন না, বাসায় ডেলিভারিতে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, ইউএনএফপিএর বাংলাদেশ রিপ্রেজেন্টিটিভ ড. আসা তোর্কেলসন প্রমুখ।
এইউএ/এমআরএম/এমএস