বেসরকারি হাসপাতালের লাইসেন্স আবেদন অনলাইনে
এখন থেকে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্স দেয়া ও নবায়ন প্রক্রিয়া অনলাইনে হবে।
রোববার সচিবালয়ে লাইসেন্স দেয়া ও নবায়ন প্রক্রিয়ার অটোমেশন কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী বলেন, ‘এই প্রক্রিয়া সফল হলে মানুষ অবশ্যই আমাদের সাধুবাদ দেবে। এটি আমাদের মাইলফলক হিসেবে থাকবে। আমরা অনেক সময় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ পাই। তারপরও আমি মনে করি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের সহায়ক শক্তি। সরকারিভাবে আমরা পুরোপুরি চিকিৎসাসেবা করতে পারি না। আমাদের লোকবলের সমস্যা আছে, সম্পদের সমস্যা আছে।’
তিনি বলেন, ‘লাইসেন্স দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগটা নেয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এটি সফল হবে। এটা বাস্তবায়ন করতে পারলে বেসরকারি হাসপাতালগুলো আর অনিয়ম করতে পারবে না। দুর্নীতি ও অপচয় বন্ধ হবে।’
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে ১০ হাজার ৯৮০টি ডায়াগনস্টিক সেন্টার, ৫ হাজার ১৫১টি ক্লিনিক বা হাসপাতাল এবং ১৪৩টি ব্লাডব্যাংক রয়েছে। এগুলোর লাইসেন্স ও নবায়নের দায়িত্ব স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখা করে থাকে। নতুন পদ্ধতিতে কোনো আবেদনকারী নিজ নিজ অবস্থান থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের অগ্রগতি পরীক্ষা করতে পারবেন। এতে প্রক্রিয়াটির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে থাকার কারণে দুর্নীতির সুযোগ থাকবে না।
প্রক্রিয়াটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অনলাইন ডাটাবেইজে অন্তর্ভুক্ত হবে বলেও জানান তিনি।
সফটওয়্যারে প্রবেশের জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের (www.dghs.gov.bd) মাধ্যমে বা সরাসরি ওয়েব অ্যাপ্লিকেশনটির ইউআরএল (http://app.dghs.gov.bd/hsmdghs) ব্রাউজারের অ্যাড্রেসবারে টাইপ করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমএম/জেডএ/জেআইএম