৪৫ টাকায় ৩ দিনে মিলবে জমির খতিয়ান-মৌজা ম্যাপের সার্টিফায়েড কপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

যেকোনো স্থান থেকে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমের (land.gov.bd কিংবা rsk.land.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ঢাকা জেলার আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা যাবে। তবে তা দাফতরিক কাজে ব্যবহার করার জন্য আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফায়েড কপি লাগবে।

মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করে সরাসরি কিংবা ডাকযোগে তিন কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়া যাবে।

বুধবার (৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌজা ম্যাপ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে সিট নম্বর বাছাই করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ/নকশা প্রদর্শিত হবে। সার্টিফায়েড কপি পেতে সার্টিফায়েড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

প্রদর্শিত ফরমটি পূরণ করার পর প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে প্রদান করে তিন দিনের মধ্যে ডাকযোগে মৌজা ম্যাপ/নকশার সার্টিফায়েড কপি পাওয়া যাবে।

আরএস খতিয়ানের ক্ষেত্রে খতিয়ান নম্বর প্রদান করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে পর্চা/খতিয়ান প্রদর্শিত হবে। এর সার্টিফায়েড কপি পেতে সার্টিফায়েড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে প্রদান করে তিন দিনের মধ্যে ডাকযোগে মৌজা বা আরএস খতিয়ানের সার্টিফায়েড কপি পাওয়া যাবে।

উল্লেখ্য, ২ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি সেদিন ঘোষণা দিয়েছিলেন, আগামী ছয় মাসের মধ্যে পুরো বাংলাদেশে ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে।

ভার্চুয়াল রেকর্ড রুম স্থাপন করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’র আওতায়।

এমইউএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।