চট্টগ্রামে আনসারের গুলিতে কিশোর নিহত


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৮ মার্চ ২০১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আনসারে গুলিতে মো. ওসমান (১৪) নামে এক কিশোর নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৫ জন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে হাজার হাজার জনতা।  সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।  

এর আগে সকালে সড়ক দুর্ঘটনায় এক শীপ ইর্য়াড শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে এলাকার লোকজন বিক্ষোভ প্রদর্শন করলে কবির স্টিল শীপ ব্রেকিং ইর্য়াডের কর্তব্যরত আনসার সদস্যরা গ্রামবাসীকে লক্ষ করে গুলি চালায়। এতে ৬ জন গ্রামবাসী আহত হয়। আহতদের হাসপাতালের নেয়ার পথে ওসমানের মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল জানান, সকালে কবির স্টিল মিলের একটি লরি চাপায় ওই মিলের মামুন (২৮) নামে একজন শ্রমিক নিহত হয়। নিহত সুমন স্থানীয় বাসিন্দা তার প্রতিবাদে গ্রামবাসীরা কবির স্টিল শীপ ব্রেকিং ইর্য়াড ঘেরাও  করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে মিলের কর্তব্যরত আনসার সদস্যরা গুলি চালায়। এতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছে। সেখানে অতিরিক্ত ফোর্স পাঠানো  হয়েছে।

বার আউলিয়া হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমদ বলেন, সকালে শীতলপুর গামারীতলা কবির স্টিলের গাড়ি চাপায় ওই মিলের শ্রমিক মামুন মারা যায় এবং তার ভাই আহত হয়। লরিটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদের এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। সকাল ১১ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।